গঙ্গার ঘাটের উন্নতি সাধনে প্রতিশ্রুতি রূপায়নে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী
মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলিয়ার বয়রায় গঙ্গায় স্নানের ঘাট, মহিলাদের পোশাক বদলানোর জন্য কক্ষ সহ বেশ কিছু কাজ অতি শীঘ্র করে তোলার জন্য বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।তার সঙ্গে ছিলেন শান্তিপুরের ব্লক উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি, অ্যাসিস্ট্যান্ট ডেপুটি সেক্রেটারি সহ অনেকেই।যদিও গঙ্গার ওপারে হুগলি জেলার বলাগড়ের চরকৃষ্ণবাটি গ্রামে তৈরি হওয়া নতুন ইকোপার্ক দেখতে নদীয়ার মানুষ যাতে ওপারে যেতে পারেন,তার জন্য নতুন জেটি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার বাস্তবায়ন কিভাবে করা যায়, তা দেখতেও গিয়েছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। গঙ্গার ওপারে ছিলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ও স্থানীয় বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি, কৃষি কর্মাধ্যক্ষ সুব্রত সরকার সহ অনেকেই হাজির ছিলেন। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানিয়েছেন,’ গঙ্গার এপার-ওপারে নদী পারাপারের সবিধার জন্য নতুন জেটি তৈরি হলে এপারের মানুষ ইকোপার্ক দেখতে ওপারে যেতে পারবেন। ওপারের মানুষ আসতে পারবেন শান্তিপুরে বিভিন্ন জিনিস দেখার জন্য। সেই পরিকল্পনা নেওয়া হয়েছে। দুই ব্লকের বিডিওরা বিষয়টি দায়িত্ব নিয়ে দেখভাল করবেন।সেই সঙ্গে ফুলিয়ার বয়রার ঘাটে নতুন স্নানের ঘাট ,মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য কক্ষ সহ বেশ কিছু জিনিস করার জন্য এলাকা পরিদর্শন করতে গিয়েছিলাম।’

