মলয় দে নদীয়া:- বাংলাদেশের চট্টগ্রাম সংলগ্ন অঞ্চলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যা আগামী ২৪ – ৪৮ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর পর্যায়ক্রমে নিম্নচাপ ও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তীতে তা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। এর প্রভাবে ২৭ – ৩০শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলে (৭৫ – ১০০% অঞ্চলে) হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এমনটাই জানালো হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে (২৫ – ৫০% অঞ্চলে) উত্তর ও দক্ষিন ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি (৬৪ – ২০৪ মি.মি.) হতে পারে। বৃষ্টির সাথে বজ্রপাতও হতে পারে, তবে তার তীব্রতা কম থাকবে।
বেশকিছু অঞ্চলে অতি প্রবল থেকে মেঘভাঙ্গা ধরণের বৃষ্টি (ঘন্টায় ৩০ – ১০০ মি.মি বা তার বেশি) একটানা অনেকক্ষন চলার সম্ভাবনাও রয়েছে, যার দরুন বিভিন্ন নদীর জলস্তর বাড়তে পারে এছাড়াও নিচু এলাকা এবং নদী তীরবর্তী ও নদী অববাহিকা অঞ্চল প্লাবিত ও জলমগ্ন হয়ে পড়তে পারে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঘন্টায় ৩০ – ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আজ থেকেই সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। আগামীকাল তা আরও বাড়বে এবং ৩০শে জুলাই পর্যন্ত সমুদ্র এইরকমই উত্তাল থাকবে, সাথে উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছাসের সম্ভাবনাও রয়েছে।৩১শে জুলাই থেকে দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টিপাত কম হতে পারে।

