এই প্রথম কালীপূজো উপলক্ষে গাইডম্যাপ প্রকাশ করল জলপাইগুড়ি জেলা পুলিশ। মূলত, কোতোয়ালি থানার অন্তর্গত জলপাইগুড়ি শহর এবং শহরতলি সংলগ্ন এলাকার কালীপূজোর জন্যই এই গাইড ম্যাপ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গাইড ম্যাপ প্রকাশ হয়। হাজির ছিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ বর্মা, জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপীয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী সহ বিশিষ্টজনেরা। পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, জলপাইগুড়িতে বেশ কিছু জনপ্রিয় কালীপূজো হয়, যাতে প্রচুর মানুষ যান। তাদের সুবিধা এবং সুরক্ষার কথা ভেবেই এই গ্যাইড ম্যাপ তৈরী করা হয়েছে। পুলিশের নজরদারি যেমন থাকবে তেমনি পূজোকমিটিগূলিকেও কিছু নির্দেশ দেওয়া হয়েছে। যেমন মণ্ডপের প্রবেশ এবং প্রস্থান পথ রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক রাখতে হবে, পুরোদস্তুর অগ্নিনির্বাপক ব্যাবস্থা রাখতে হবে, সম্ভব হলে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে। বড় পূজো সংলগ্ন রাস্তাগুলিতে টোটো এবং যান চলাচল নিয়ন্ত্রন করা হবে।

