একাধিক এলাকায় অভিযান চালিয়ে বেআইনি জলের কারখানা চালানোর হদিস পেয়েছে জেলা ফুড সেফটি দপ্তরের কর্তারা।

মালদা:- একাধিক এলাকায় অভিযান চালিয়ে বেআইনি জলের কারখানা চালানোর হদিস পেয়েছে জেলা ফুড সেফটি দপ্তরের কর্তারা। বেআইনি এই কাজের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া এবং নির্দিষ্ট ধারায় জরিমানা করেছে ফুট সেফটি দপ্তর।
বুধবার সকাল থেকে মালদা শহরের বিভিন্ন এলাকায় বেআইনিভাবে চলা কুড়ি লিটারে জারবন্দী জলের কারখানা বিরুদ্ধে অভিযান চালায় জেলা ফুড সেফটি দপ্তরের কর্তারা । এদিন প্রায় সাতটি বেআইনি জলের কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে তদন্তকারী অফিসারেরা। কিন্তু মালদা শহরের অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো যেভাবে বাড়ির মধ্যেই ২০ লিটারের জারবন্দী বেআইনি জলের কারখানা গড়ে উঠেছে, তা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন অভিযানকারী প্রশাসনের কর্তারা। এই বেআইনি কাজের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফুড সেফটি আধিকারিকেরা।
উল্লেখ্য, প্রশাসনের সতর্কবার্তার পরেও মালদা শহরের বেশ কয়েকটি এলাকায় দেদার চলছিল নিয়ম বহির্ভূতভাবে ২০ লিটারের জারবন্দী পানীয় জল সরবরাহের কাজ। অবশেষে সেই সব জারবন্দি পানীয় জলের বেআইনি কারবার বিরুদ্ধে অভিযান চালিয়ে শীল করে দেওয়া হলো।
বলাবাহুল্য, রীতিমতো বাড়ির ট্যাংকিতে মজুত থাকা জল ট্যাপকলের মাধ্যমে জারবন্দী করে বাড়ি বাড়ি সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতি দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। বারবার সতর্কবার্তার পরেও প্রশাসনের নির্দেশ না মানায় অবশেষে কয়েকটি বেআইনি জারবন্দী জলের কারখানা শীল করে দেওয়া হয় ।