আবারো অপরিষ্কার বিসর্জন ঘাট নিয়ে পৌরসভার বেহাল পরিষেবা দায়ে দুষলেন, বিসর্জন দিতে আসা পরিবার

আবারো অপরিষ্কার
বিসর্জন ঘাট নিয়ে পৌরসভার বেহাল পরিষেবা দায়ে দুষলেন, বিসর্জন দিতে আসা পরিবার

মলয় দে নদীয়া:- ধর্মপ্রাণ নদীয়ার অন্যতম প্রধান শান্তিপুর শহর। বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। অন্যদিকে বিসর্জন দেওয়ার বিভিন্ন এলাকার জলাশয় এখন প্রায় নিশ্চিহ্ন, গঙ্গা ভাঙ্গনের ফলে বিসর্জন ঘাট বিপদজনক অবস্থায়। এমত অবস্থায় শান্তিপুর বড়বাজার ঘাট মতিগঞ্জ ঘাট সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী বলে ভরসা করে অনেকেই। কিন্তু ইদানিং প্রায়ই বিভিন্ন বাড়ির মাটির প্রতিমা বিসর্জন দিতে এসে ক্ষোভ উগরে দিচ্ছেন পরিবারের পক্ষ থেকে। গতকাল সন্ধ্যায় এরকম দুটি পরিবার তাদের কালীপুজো হয়ে যাওয়ার পর বিসর্জন দিতে এসে নিজেরা প্রথমে পরিষ্কার করে পুকুরের কিছুটা অংশ এরপর বিসর্জন করতে হয় ।
পৌরসভা কর্তৃক দুর্গাপূজা,কালীপুজা, অতিক্রান্ত হওয়ার সাথে সাথে ঘাট পরিষ্কার করলেও, রাসের পরের থেকে মতিগঞ্জ বিসর্জন ঘাট হয়ে রয়েছে অত্যন্ত অপরিষ্কার। ঠাকুরের কাঠামো, বিচুলি অন্যান্য সামগ্রী দিয়ে মূলত আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। এর আগেও সংবাদমাধ্যমে উঠে আসার পর নড়েচড়ে বসে ছিলো পৌরসভা। কিন্তু কিছুদিন যাওয়ার পর আবারও সেই উদাসীনতা। যদিও এ প্রসঙ্গে পৌরসভার সহকারি পৌর প্রশাসক শুভজিৎ দে জানান, জল কমে যাওয়ার কারণে কিছুটা সমস্যা হয়েছে বটে তবে, যার ওপর এ দায়িত্ব দেওয়া তাকেও ডেকে পাঠানো হচ্ছে। অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।