নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,০২ ডিসেম্বর:
উত্তরপ্রদেশের বেনারসে পাইপ লাইনের কাজ করতে গিয়ে ভূগর্ভস্থ অবস্থায় মাটিচাপা পড়ে মৃত্যু হল হরিশ্চন্দ্রপুর এলাকার এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম নওয়াজ শরিফ।বয়স ১৮।বাড়ি ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকার দেগুণ গ্রামে। পরিবারের অভাব মেটাতে কুড়ি দিন আগে উত্তরপ্রদেশে পাড়ি দিয়েছিল নওয়াজ শরিফ।
বদলে ফিরল তার মৃতদেহ।পরিবার সূত্রে জানা গিয়েছে,মাত্র কুড়ি দিন আগেই বাড়ি ছেড়ে উত্তরপ্রদেশের বারাণসীতে হাইড্রেনের পাইপলাইনের কাজ করতে গিয়েছিল নওয়াজ শরীফ।সেখানে সোমবার ভোরবেলা শহরের হাইড্রেনের পাইপলাইন পরিষ্কার করতে গিয়ে কংক্রিটের চাঁওড় ধ্বসে পড়লে ঘটনাস্থলেই মারা যায় নওয়াজ শরীফ।ছেলের মরদেহ আগলে বুধবার বিকালে গ্রামে ফেরেন তার মা রেবিনা খাতুন। তিনি শোকার্ত কন্ঠে জানান, সংসারের হাল ধরতে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিল ছেলে।স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মতিউর রহমান জানান, নওয়াজ শরীফের খুবই গরীব শ্রেণীর মানুষ। সদ্য আঠারো পেরোনো যুবক নওয়াজ কাজ সেরে দেশে ফিরলেই তার বিয়ের ব্যবস্থা করা হতো।কিন্তু অকালেই ছেলেটি চলে গেল।হাভাতে পরিবারের সদস্য নওয়াজের মরদেহ আনতে পাড়া-প্রতিবেশীরা চাঁদা তুলে অর্থ সাহায্য করেছেন।গ্রামপঞ্চায়েত সদস্য মতিউর সাহেব ও তার এক আত্মীয়কে নিয়ে সোমবার সকালেই রওনা দেন সুদূর বারানসীর উদ্দেশ্যে। মঙ্গলবার রাত এগারোটা নাগাদ মরদেহ বারানসি থেকে রওনা দিয়ে বুধবার বিকেল তিনটেয় তার হরিশ্চন্দ্রপুরের বাড়িতে এসে পৌঁছায়।

