জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে‌র অসুস্থ শিশুরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে

জলপাইগুড়ি সায়ন সেন :: জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে‌র অসুস্থ শিশুরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। গত কয়েকদিনে কোন‌ও শিশু মৃত্যুর ঘটনাও নেই। জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে এখন গড়ে প্রায় ২৫ জন করে শিশু ভর্তি হচ্ছে। তবে সুস্থ‌তার হার আগের তুলনায় অনেক বেশি রয়েছে।

গত সপ্তাহে অজানা জ্বরে ৪ জন শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল জলপাইগুড়িতে। এই ঘটনা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শিশুদের অভিভাবক‌রা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ‍্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও তড়িঘড়ি ব‍্যবস্থা নেওয়া হয়। উত্তর‌বঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাজ‍্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক‌দের দল পর্যবেক্ষণ করতে আসে জলপাইগুড়ি‌তে। বুধবার জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হ‌ওয়া শিশুরা ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। পাশাপাশি হাসপাতালে‌র শিশু বিভাগে নতুন করে যারা ভর্তি হচ্ছে তাদের জন্য উপযুক্ত চিকিৎসা‌র ব‍্যবস্থা করা হচ্ছে।