মলয় দে নদীয়া:- গৌড়ীয় বৈষ্ণবদের সংযুক্তি করার উদ্যোগ নিল নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ ৷ ঐ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, শ্রীমান মহাপ্রভু যে অগণিত ভক্ত রয়েছেন তারা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে রয়েছেন বর্তমান সময়ে ৷ ফলে অনেকটাই ক্ষীন হয়ে যাচ্ছে অদ্বৈত-মহাপ্রভুর বৈষ্ণব সমাজ ৷ তাই তাঁদের সংযুক্তির উদ্যোগ নিয়েছে নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ ৷ সেই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে 6 সেপ্টেম্বর শান্তিপুরের গোস্বামী বাড়িতে শান্তিপুর বিগ্রহ বাড়ী সমন্বয় সমিতির কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন এবং বিগ্রহ বাড়ী সমন্বয় সমিতির অন্তর্গত বেশকিছু গোস্বামী বাড়ির কর্মকর্তাদের হাতে নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের পরিচালন সমিতির সাম্মানিক সদস্য পদের শংসাপত্র প্রদান করা হয় এবং উত্তরীয় পরিয়ে বরণ করা হয় ৷ এদিন বড় গোস্বামী বাড়ির প্রদ্যুৎ গোস্বামী, মদন গোপাল বাড়ির স্বরূপ গোস্বামী গোস্বামী, চাকফেরা গোস্বামী বাড়ির শশাঙ্ক চক্রবর্তী, বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ির ড. ব্রজ কিশোর গোস্বামী,শ্রীকৃষ্ণ বাড়ির গৌতম প্রসাদ গোস্বামীদের সাম্মানিক সদস্য পদের শংসাপত্র তুলে দেয়া হয় ৷ নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের পক্ষে রাধা বিনোদ গোস্বামী এবং কৃষ্ণ চক্রবর্তী বলেন তারা শান্তিপুর, কালনা, কাটোয়া, শ্রীখন্ড সহ বাংলার বিভিন্ন জায়গায় যে শ্রীপাঠ রয়েছে সেখানকার বৈষ্ণবদের ঐক্যবদ্ধ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচার করতে চাইছেন ৷ তার প্রথম পদক্ষেপ গৌর আনা ঠাকুর অদ্বৈতাচার্যের পবিত্র ভূমি থেকেই শুরু করে ধীরে ধীরে তারা সমস্ত বৈষ্ণবদের নিয়ে মহাসভা গঠন করে মহাপ্রভুর প্রেমধর্ম প্রচার করবেন ৷

