মলয় দে নদীয়া:- আগামী সাতই আগস্ট কৃষক স্পেশাল ট্রায়ালরানে থাকা দুটি ট্রেনের উদ্বোধন করতে নদিয়ায় আসছেন পূর্ব রেলওয়ের জিএম এবং ডিআরএম। গেদে এবং শান্তিপুর থেকে ট্রেন দুটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তারা।
এই উপলক্ষে শান্তিপুর শিয়ালদহ শাখার রেলযাত্রী সমিতি গতকাল সন্ধ্যায় শান্তিপুর সাহা বাড়ির মন্দিরে এক সভার আয়োজন করেছিলেন।
মিটিংয়ে সাব্যস্ত হয়, ওই উদ্বোধনে আগত পূর্ব রেলের সর্বোচ্চ পদাধিকারীদের একটি ডেপুটেশন দেবেন তারা।
শান্তিপুর স্টেশন সংলগ্ন অ্যাপ্রচ রোডের সংস্কার, প্ল্যাটফর্ম উঁচু করে ট্রেনের পাদানির উচ্চতা কমানো, দীর্ঘদিনের দাবি অনুযায়ী শান্তিপুর বারুইপুর এবং শান্তিপুর ব্যান্ডেল ট্রেন চালু সম্ভাব্য সময় জানা এবং শান্তিপুরের কৃতি সন্তান আইনজ্ঞ পন্ডিত লক্ষীকান্ত মৈত্র কর্তৃক প্রদত্ত রেলস্টেশনের তার আবক্ষ মূর্তি স্থাপন সংক্রান্ত এবং অন্যান্য বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য এই ডেপুটেশন।
আজকের আলোচনা সভায় ব্যবসায়ী সমিতির সম্পাদক, স্টেশন সংলগ্ন বাজার কমিটির সম্পাদক, কালীনারায়নপুর জংশন থেকে বিভিন্ন বিভক্ত হওয়ার রেলপথের যাত্রী প্রতিনিধি, এবং শান্তিপুর শিয়ালদহ শাখা রেলযাত্রী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

