মলয় দে, নদিয়া:- বেশ কয়েকদিন ধরেই কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে ভাসছে প্রায় এক মাস ধরে নবদ্বীপের একাধিক ওয়ার্ড। নবদ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড, ৫ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর এলাকায় কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর জল। জলের তলায় ডুবে রয়েছে বেশকিছু বাড়ি। শহরের নিকাশি ব্যবস্থার যে বেহাল দশা, বর্ষার মরশুমে তা ফুটে উঠলো প্রায় কয়েক দিন ধরেই কয়েক ঘন্টার বৃষ্টিতে। এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সেখানকার স্থানীয় এলাকাবাসীরা।বাসিন্দাদের অভিযোগ, নিকাশি নিয়ে কোনও ব্যবস্থা নেই। প্রায় এক মাস ধরে বৃষ্টির জল জমে রয়েছে, বের করা রাস্তা রয়েছে কিন্তু বের করছে না। লোকের বাড়িতে থাকতে হচ্ছে আমাদের। তাঁদের আরও অভিযোগ, প্রায় ৩০০ ঘর জলের তলায় রয়েছে। তবে এ বিষয়ে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ পাল বলেন, সেখানকার মানুষদের অভিযোগ সত্যি কারণ তাঁরা জল মুক্ত হতে পারছেন না। কিন্তু যেদিন থেকে জল জমছে নবদ্বীপ পৌরসভার প্রশাসন সেদিন থেকেই পাম্প বসিয়ে জল বার করার ব্যবস্থা করছে। তবে আমাদের দুর্ভাগ্য প্রতিদিনের বৃষ্টির জন্য জল মুক্ত করতে পারছি না। সে কারণেই বেশ কিছু ওয়ার্ডের মানুষকে দূর্ভোগে পড়তে হচ্ছে। তিনি আরো বলেন, তবে আমরা চেষ্টা করছি আরও অধিক পাম্প বসিয়ে খুব দ্রুত জল নিষ্কাশন করার। যদি আর বৃষ্টি না হয় দুই একদিনের মধ্যেই জল নিষ্কাশনের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে তিনি জানালেন।

