মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুরের ঘুড়ি ওড়ানোর নাইলন সুতোয় কারণে একের পর এক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ এক মাসের মধ্যে চারজন! সচেতন নাগরিক থেকে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিবাদী সকলেই। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় বইছে! যদিও রথের আগের দিন 4 জনকে আটক এবং বেশ কিছু নাইলন সুতো বাজেয়াপ্ত করেছিল শান্তিপুর থানা। আজ আবারো একদিকে যেমন শান্তিপুর থানার পক্ষ থেকে প্রচার অভিযান গাড়ি ঘুরে বেড়াচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে, আবার অন্যদিকে সারাদিন ধরে ধরপাকড় চলল নাইলন সুতো বিক্রেতাদের খোঁজে। নিশ্চিন্তপুর, শ্যামচাঁদ মোড়, নতুন পুকুর এলাকা থেকে আনুমানিক প্রায় 300 কাটিম নাইলন সুতো, নটি নাইলন সুতা ভর্তি লাটাই বাজেয়াপ্ত করার সাথে দুজন নাইলন সুতা ব্যবসায়ীকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। প্রশাসনিক সূত্রে জানা যায়, একদিকে যেমন পুলিশি ধরপাকড় চলবে সেই রকমই নাগরিকদেরও প্রতিরোধ গড়ে তুলতে হবে এর বিরুদ্ধে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আগামীতে আরো কিছু নাইলন সুতা বাজেয়াপ্ত করা যাবে। এমনকি পথে-ঘাটে নাইলনের সুতা দিয়ে ঘুড়ি ওড়ালেও প্রশাসনিক পদক্ষেপ নেবেন বলে জানা গেছে।

