এবার পুলিশের দিদিগিরি! যে কোন বিষয়ে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে প্রতিবাদ করে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের
মলয় দে নদীয়া:-
পুলিশের দাদাগিরি তো শোনাই যায় তবে এবারে শুনুন দিদিগিরির কথা।
পঞ্চায়েত থেকে সরকারি রাস্তা তৈরি করতে বাধা দিচ্ছেন খোদ পুলিশে চাকরি করা এক মহিলা পুলিশ। আর এ বিষয়ে গ্রামের কেউ প্রতিবাদ করলেই প্রতিবাদীদের নামে কখনো মিথ্যা মামলা দিয়ে কখনো মৃত্যু হুমকি দেওয়ার অভিযোগ কৃষ্ণনগর কোতোয়ালি থানার মহিলা পুলিশ কর্মী মন্দিরা দেবনাথ এর বিরুদ্ধে। আর পুলিশে চাকরি করার সুবাদে এই সুবিধা নিয়ে মন্দিরা দেবী নাকি দিনের পর দিন পার্শ্ববর্তী সকল মানুষদের ভয় দেখাচ্ছে। বর্ষায় মানুষ চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারে মহিলা পুলিশ কর্মী মন্দিরা দেবনাথের ভয়ে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে খোদ পঞ্চায়েত। অবশেষে অতিষ্ট হয়ে এর প্রতিকার চেয়ে রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেয় স্থানীয় বাসিন্দারা। আজ প্রায় আধঘন্টা গৌরনগর নবদ্বীপ ঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষজন। তাদের দাবি একটাই এর প্রতিকার চাই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে যায় মন্দিরার বাড়িতে। কিন্তু বাড়িতে ছিলেন না মন্দিরা। অবশেষে নবদ্বীপ থানার দ্বারস্থ হয় স্থানীয় গ্রামবাসী সকলে। গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। তবে এ বিষয়ে মুখ খোলেননি অভিযুক্ত ওই মহিলা পুলিশ ।

