তোলা চেয়ে না পেয়ে তৃণমূল নেতার বাড়িতে হামলা দুষ্কৃতীদের, ঘটনা ধরা পড়ল সিসি ক্যামেরায়
দাবি মতো তোলা না পেয়ে রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়িতে হামলা চালালো দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার কৃষ্ণনগরের ১৪ নম্বর ওয়ার্ডের মলুয়াপাড়ায়। অভিযোগ ওই এলাকারবাসিন্দা তৃণমূল নেতা সৌমিত্র সাহার বাড়িতে গতকাল গভীর রাতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুষ্কৃতীরা। সৌমিত্র বাবুর দাবি, কিছুদিন আগেই পৈত্রিক সুত্রে পাওয়া দু কাঠা জমি তিনি বিক্রি করেন। সেই খবর পৌঁছে যায় এলাকার তোলাবাজদের কাছে। এর পরই তারা সৌমিত্র বাবুর কাছে এক লক্ষ টাকা তোলা চায়। অভিযোগ সেই টাকা দিতে রাজি না হওয়ায় গতকাল রাতে দুষ্কৃতীরা সৌমিত্রবাবুর বাড়িতে হামলা চালিয়ে বাড়িতে ভাঙচুর করে। এমনকি তাকে হুমকিও দেওয়া হয়। প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চালানোর পর দুষ্কৃতীরা এলাকা ছাড়ে। এর ফলে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। অবিলম্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সৌমিত্র বাবুসহ এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট

