কনেযাত্রীর গাড়ি আটকে ছিনতাইয়ের অভিযোগ বিয়ে বাড়ি থেকে ফেরার পথে কনেযাত্রীর গাড়ি আটকে ছিনতাইয়ের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার নরেন্দ্র মোড় সংলগ্ন ১৬ নং জাতীয় সড়কে। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে দুটি অটোতে করে পাঁচলায় ফিরছিলেন কয়েকজন কনেযাত্রী। অভিযোগ, উলুবেড়িয়ার নরেন্দ্র মোড়ের কাছে দুটি অটোকে আটকায় ছিনতাইকারীরা। অটোতে থাকা মহিলাদের কাছ থেকে সোনার গহনা ও মোবাইল ছিনতাই করা হয় বলে অভিযোগ। একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। বাধা দিতে গেলে কয়েকজন মহিলা ও পুরুষকে মারধরও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান উলুবেড়িয়া থানার পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতীকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে

