সুমিত ঘোষ,মালদা: বৃহস্পতিবার মালদায় বজ্রপাতে মৃত্যু হল চারজনের। গুরুতর জখম হলেন দুজন। জানা গেছে, বজ্রপাতে মৃতদের নাম যথাক্রমে চন্দন সাহানি, বয়স ৪০ বছর, রাজ মৃধা, বয়স ১৬ বছর, মনোজিৎ মন্ডল, বয়স ২১ বছর এবং অসীত সাহা, বয়স ১৯ বছর। মৃত চারজনের মধ্যে প্রথম তিনজন পুরাতন মালদার সাহাপুর এলাকার বাসীন্দা এবং অপরজনের বাড়ি গাজোলের আদিনা এলাকায়। বৃহস্পতিবার বিকাল নাগাদ মালদায় হঠাৎ করেই বজ্র-বৃষ্টি শুরু হয়। ওই সময় পুরাতন মালদার সাহাপুর এলাকায় বাজ পড়ে। সেই বজ্রাঘাতে চন্দন সাহানি, রাজ মৃধা এবং মনোজিৎ মন্ডলের মৃত্যু হয়। অপরদিকে গাজোলের আদিনায় বাজ পড়ে একাদশ শ্রেণির ছাত্র অসীত সাহার মৃত্যুর খবর মেলে। মৃত চারজনেরই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়াও বাজ পড়ে দুজন জখম হওয়ার খবর মিলেছে। তাদের মধ্যে একজনের নাম ফাতেমা বিবি। তার বাড়ি ইংরেজবাজারের বুধিয়া এলাকায় এবং অপরজনের নাম দুলু মন্ডল। তার বাড়ি পুরাতন মালদার ‘সাহাপুর এলাকায়। সেই অষ্টম শ্রণির স্কুলছাত্রী ছিল। বজ্রাঘাতে পৃথক পৃথক এলাকায় চারজনের মৃত্যুতে এদিন শোকের ছায়া নেমে আসে মালদায়।

