বৃষ্টি কবে ? প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি কবে দেখুন সরাসরি দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বৃদ্ধির পাশপাশি বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেড়েছে। তবে বড় এলাকা জুড়ে ঝড়বৃষ্টি হবে সেরকম পরিস্থিতি নেই। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস শুক্রবার জানিয়েছেন, আজ শনিবার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে। তবে তা কলকাতা ও সংলগ্ন এলাকায় হবে কি না, তা নিশ্চিতভাবে আগাম বলা যাচ্ছে না। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসেও আগামী সোমবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ ও সিকিমে ৪ এপ্রিল পর্যন্ত এরকম সম্ভাবনা থাকছে। ওড়িশা ও দক্ষিণ অসমের উপর একটি করে ঘূর্ণাবর্ত আছে। এই দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ ও হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি আছে। বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে।
তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসে বেশি মাত্রায় জলীয় বাষ্প থাকায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় ভ্যাপসা গরম পড়েছে। কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে ৩৪.৭ ডিগ্রি হয়। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৭.৫ ডিগ্রি হয়েছে। এটা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছুঁয়েছে

