বিহার থেকে বাংলায় মদ পান করতে এসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু মদ্যপ বাইক চালকের!গুরুতর আহত দুই

নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,২৭ জুলাই:
এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিহার থেকে বাংলায় মদ খেতে আসা এক বাইক চালকের।গুরুতর আহত আরো দুই।ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার কুশিদাগামী রাজ্য সড়কে কাপাইচন্ডী এলাকায়।স্থানীয় গ্রামবাসীদের প্রচেষ্টায় ওই দুই আহত যুবককে উদ্ধার করে প্রথমে কুশিদা গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসকরা চাঁচল সুপার স্পেশালিটি
হাসপাতালে স্থানান্তরিত করে দেন বলে খবর।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম মনোজ কর্মকার(২৫) ও আহত দুই যুবকের নাম বুলু দাস(১৮) এবং শিবা দাস(২২)।এদের প্রত্যেকেরই বাড়ি বিহারের বারসই থানার মুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের দরিয়াপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে,আজ বিকেল সাড়ে তিনটা নাগাদ এই তিন যুবক একটি বাইকে করে কুশিদা কাঁপাইচন্ডী এলাকায় মদপান করে বিহারের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে কুশিদা-তুলসীহাটা রাজ্য সড়ক ধরে তুলসীহাটার দিকে একটি ১৪ চাকার
এলপি ট্রাক ছুটে আসছিল।বেপরোয়া গতিতে থাকা ওই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ওই এলপি ট্রাকে ধাক্কা মারে বলে খবর।ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের এবং গুরুতর আহত হন বাইকে থাকা আরও দুই আরোহী।দীর্ঘক্ষণ ওই দুই আহত এবং নিহত বাইক চালক রাজ্য সড়কের পাশে পড়ে থাকেন।শেষে স্থানীয়দের প্রচেষ্টায় ওই দুই আহতদের প্রথমে কুশিদা হাসপাতাল পরের চাঁচল সুপার স্পেসালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তাঁরা মৃতদেহ উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে যায় বলে খবর।এলাকার বাসিন্দাদের অভিযোগ এরা বিহার থেকে বাংলায় মদ খেতে এসেছিল।এদের মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছিল।কাঁপাইচন্ডী এলাকায় রাজ্য সড়কের ধারে থাকা একটি মদের ঘাঁটি থেকে প্রায়শই বিহারের যুবকরা এলাকায় মদ খেতে আসেন।অবিলম্বে পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় আরো দুর্ঘটনা বাড়বে বলে মনে করছেন তারা।তবে এদের কারো মাথায় কোন হেলমেট ছিল না।