ক্ষতিপূরণ না পেয়ে কল্যাণীতে গেইল ইন্ডিয়ার গ্যাস পাইপলাইনের কাজ আটকে দিল কৃষকরা

কল্যাণী থানার অন্তর্গত কাঠালতলা বাজার সংলগ্ন বীরপাড়া অঞ্চলে কৃষি জমি নিচ দিয়ে যাওয়া গেইল ইন্ডিয়ার গ্যাসের পাইপ লাইনের কাজ আটকে দিল স্থানীয় কৃষকেরা। তাদের অভিযোগ গত ৬ মাসের বেশি দিন যাবত এই অঞ্চলে গেইল ইন্ডিয়া গ্যাসের পাইপলাইনের কাজ করছে। ফলে ক্ষতি হচ্ছে কৃষকের জমিতে বহু ফসল এবং জমির। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা একাধিকবার ক্ষতিপূরণের আশ্বাস দিলেও মেলেনি ক্ষতিপূরণ। স্থানীয়রা বারংবার কাজ করতে আসা গেইল ইন্ডিয়ার আধিকারিক ও কর্মীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেও মেটেনি সমস্যা। ফলে গতকাল থেকেই এই অঞ্চলে গেইল ইন্ডিয়ার পাইপ লাইনের কাজ বন্ধ করে দিল স্থানীয় কৃষকেরা। আজ সকালে গেইল ইন্ডিয়ার আধিকারিকদের উপস্থিতিতে কর্মীরা কাজ শুরু করতে গেলে বাধা দেয় স্থানীয় কৃষকেরা। তাদের গাড়ি আটকে এবং আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখায় তারা। এবং এই পাইপলাইনে কাজে লাগানো একাধিক জেসিপি সহ অত্যাধুনিক মেশিনপত্র আটকে রাখে স্থানীয় কৃষকেরা।
স্থানীয় কৃষকদের একটাই দাবি, তাদের ফসলের এবং যাদের জমির বৈধ নথিপত্র রয়েছে তাদের ক্ষতিপূরণ দিক তারপর কাজ শুরু করুক, না হলে কোন রকম কাজ করতে দেবে না স্থানীয় কৃষকেরা। কারণ এলাকায় গত ৬ মাস আগে কাজ শুরু করেছিল তারা কাজও করতে দিয়েছিল স্থানীয়রা কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ না হওয়ায় এই সিদ্ধান্ত স্থানীয় কৃষকদের। যদিও এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত গেইল ইন্ডিয়ার আধিকারিকেরা এ বিষয়ে কথা বলতে চাননি সংবাদমাধ্যমের সামনে। কাজ করতে আসা এক কন্ট্রাক্টর জানিয়েছে অন্যান্য জায়গায় এরকম সমস্যা ছিল যা মিটে গেছে। এই এলাকার সমস্যাও দ্রুত মিটে যাবে।
তবে স্থানীয় কৃষকদের একটাই বক্তব্য যতক্ষণ সমস্যা না মিটবে ততক্ষণ কাজ চালু হবে না। কাজ বন্ধ থাকবে।