টোটোর সঙ্গে কনে যাত্রী ভর্তি বোলেরো গাড়ির ধাক্কা।রক্তাক্ত টোটো চালক সহ দুইজন।

হরিশ্চন্দ্রপুর,১৮ জুন:
টোটোর সঙ্গে কনে যাত্রী ভর্তি বোলেরো গাড়ির ধাক্কা।রক্তাক্ত টোটো চালক সহ দুইজন।দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাত আটটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা গামী রাজ্য সড়কে বনসরিয়া মোড়ে।আহত হয়েছেন টোটো চালক মনোজ দাস (৩২) ও টোটো আরোহী শম্ভু দাস(৪০)।তাদের বাড়ি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে,টোটো চালক মনোজ দাস ও টোটো আরোহী শম্ভু দাস এদিন রাত আটটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থেকে আম বিক্রি করে তুলসীহাটা হয়ে বাড়ি ফিরছিলেন।অপরদিকে কনে যাত্রী ভর্তি একটি বোলেরো গাড়ি গোলামোড়ের দিক থেকে তুলসীহাটার দিকে যাচ্ছিল।বনসরিয়া মোড়ের কাছে বোলেরো গাড়িটি সরাসরি টোটোটিতে সজোরে ধাক্কা মারে।রাস্তা থেকে দশ হাত দূরে ছিটকে পড়ে টোটো চালক ও টোটো আরোহী।স্থানীয়রা ছুটে এসে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে বোলেরো গাড়ি ও টোটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বোলেরো গাড়িটির বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা।