কেরলে কাজ করতে যাওয়ার সময় ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন এক পরিযায়ী শ্রমিক।

নিজস্ব সংবাদদাতা,চাকদহঃ কেরলে কাজ করতে যাওয়ার সময় ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন এক পরিযায়ী শ্রমিক। তার নাম সাইদুল সরদার। বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে চলে আসেন। শনিবার সকালে বছর পঞ্চাশ পার করা সাইদুলকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার কপালে,ঘাড়ে এবং বা হাতে আঘাত লেগেছে। তার বাড়ি চাকদহ থানার ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের বালিয়াডাঙা গ্রামে।
ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পরেশ ঘোষ বলেন, এলাকায় খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি ওরা তিনজন কাজে যাচ্ছিল। তাদের মধ্যে সাইদুল সরদারকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। বাকি দুজন বাড়ি ফিরে গিয়েছে।
পঞ্চায়েত ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বালিয়াডাঙার বাসিন্দা তিন পরিযায়ী শ্রমিক সাইদুল সরদার,পাপ্পু মণ্ডল এবং রাজু মণ্ডল কেরলে নির্মান শ্রমিকের কাজ করেন।শুক্রবার করমন্ডল এক্সপ্রেসে তারা কাজে যাচ্ছিলেন। এস-৪ বগিতে তারা যাত্রা করেন। ঘটনার পর তারা একাধিকবার ট্রেন পরিবর্তন করে এদিন সকাল নটা নাগাদ চাকদহ স্টেশনে এসে পৌঁছান। সেখান থেকে তারা চাকদহের ওই হাসপাতালে যান।
স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে সাইদুল সরদারের সংসার। এর আগেও সে কাজে গিয়েছিল। আহত সাইদুল সরদার বলেন,এর আগেও বার সাতেক কাজে গিয়েছি। এরকম পরিস্থিতির মুখে পড়তে হয় নি। এবার চোখের সামনে যা দেখলাম,তা কোনদিন ভুলতে পারব না। তিনি বলেন, আমাদের ট্রেনটা খুব দ্রুত গতিতে যাচ্ছিল। সেই সময় বিপরিত দিক থেকে অন্য একটা গাড়ি আসছিল। সেই ট্রেনটা খানিকটা বেড়িয়ে গিয়েছিল। এর মধ্যে ক্যাড় ক্যাড় একটা শব্দ হয়। তারপর বগিটা পালটি খায়। চোখের সামনে কয়েকজন মারা যায়। যারা দরজার দিকে ছিল তারা বেশি বিপদে পড়েছে। দরজা নিচের দিকে পড়ে যায়।কয়েকজন আমার দেহের উপর পড়ে যায়। শেষে জানালা ভেঙে আমাদের বের করে। আঘাত কম থাকায় আমরা তিনজন সেখান থেকে বেড়িয়ে রাস্তার দিকে আসি। সেখান থেকে গাড়িতে স্টেশনে যাই। এরপর কয়েকটি ট্রেন পরিবর্তন করে এদিন সকাল ৯ টায় চাকদহে এসে পৌঁছাই। বাকি দুজনের মাজায় সামান্য আঘাত লাগায় তারা বাড়ি চলে গিয়েছে।