পুলিশের গাড়ির ধাক্কায় নাবালকের মৃত্যুর প্রতিবাদে শান্তিপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ

গতকাল নদীয়ার ধানতলায় কুলগাছিতে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। পুলিশের গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু হয় এক নাবালকের এবং এই মুহূর্তে আরো দুজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ নদীয়া জেলা জুড়ে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন থানা ও ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি চলছে। এদিন শান্তিপুর থানার সামনেও দেখতে পাওয়া গেল বিক্ষোভের দৃশ্য। থানা ঘেরাও করে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হলো এবং দেওয়া হল ডেপুটেশন। এ বিষয়ে বিজেপি কর্মী সমর্থকরা জানালেন শাসক দলের মদতেই পুলিশ বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকা পালন করছে। গতকাল ধানতলায় দুই গরু পাচার কারিকে বাঁচাতে গিয়ে তীব্র গতিতে পুলিশ গাড়ি চালায় যার ফলে তিনজন গুরুতরভাবে আহত হয় তাদের মধ্যে একজন এর মৃত্যু হয়েছে। যে কারণেই আজ আমরা বিক্ষোভ করছি, নদীয়া জেলা জুড়ে। জেলার বিভিন্ন থানা ঘেরাও করে আজ বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলছে।