লরির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা,চাকদহঃ বালি বোঝাই লরির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তপন চৌধুরী(৬২)। তার বাড়ি চাকদহ ব্লকের ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের কালিবাজার মন্ডলহাট এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চাকদহ থানার গোবিন্দপুর এলাকায়। ঘটনার কিছুক্ষণ আগে বাড়ি থেকে বাইক নিয়ে চাকদহের দিকে কাজে যাচ্ছিলেন বলে তার পরিবার সুত্রে জানা গিয়েছে। সেই সময় ওই এলাকায় বালি বোঝাই লরিটি বাইকের পিছনে ধাক্কা মারে। তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। গুরুতর আহত অবস্থায় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ময়না তদন্তের পাঠানো হয়েছে।
ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পরেশ ঘোষ বলেন, এদিন সকালে বাইক নিয়ে তপন চাকদহে যাচ্ছিল। সেই সময় লরি ধাক্কা মারলে ওই ঘটনা ঘটেছে।
পুলিশ সুত্রে জানানো হয়েছে,চালককে গ্রেফতার করা আটক করা হয়েছে। কি কারণে দুর্ঘটনা ঘটেছে, তদন্ত শুরু হয়েছে।