ভাংড়ির দোকানে হদিস মিলল বস্তা ভর্তি ব্যালট পেপার

মৌমিতা দেবনাথ
অভিষেকের সভাস্থল থেকে অদূরে ভাংড়ির দোকানে হদিশ পাওয়া গেল বস্তা ভর্তি ব্যালট পেপারের। সেই ব্যালট পেপার যেখানে প্রার্থী নির্বাচনের জন্য ভোট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই একের পর এক জায়গায় নব জোয়ারে ব্যালট বাক্সকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিশৃঙ্খলা। কোথাও রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে ব্যালট পেপার কোথাও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই ব্যালট বাক্স ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দলীয় কর্মীদের বিরুদ্ধে। আর এবার মুর্শিদাবাদের ভগবানগোলায় একটি ভাংড়ির দোকানে হদিস পাওয়া গেল সেই ব্যালট পেপারের। উল্লেখ্য এই ভগবানগোলা তেই কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ারের সভা করে গিয়েছিলেন এবং সেখানে ব্যালট পেপারে নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচনের জন্য ভোট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। অভিষেকের সভার চার দিনের মাথায় ভাংড়ির দোকানে রাশি রাশি ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় শোরগোল রাজনৈতিক মহলে।