ব্রিজের ওপর দীর্ঘক্ষণ যাবৎ ঝুলছিল যাত্রী বোঝাই একটি বাস। অল্পের জন্য বড়সড়ো ভয়ংকর দুর্ঘটনার হাত থেকে বাঁচলো ৫০ জন যাত্রী। অত্যন্ত হার হিম করা ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলা এলাকায়। জানা গেছে, শনিবার তারকেশ্বর গামী একটি বাস হরিণখোলা নতুন ব্রিজ দিয়ে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডওয়াল এর উপর উঠে যায়। ঠিক সেই সময় বাসের বেশ কিছুটা অংশ গার্ডওয়াল থেকে ঝুলে থাকে। যার ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন একটু এদিক থেকে ওদিক হলেই বাসটি ব্রিজ থেকে পড়ে যেত এবং সে ক্ষেত্রে বহু মানুষেরই প্রাণহানি ঘটতে পারত। তারা আরো জানায় দুটি গাড়ির মধ্যে রেষারেষি করতে গিয়ে এমন ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে। এক্ষেত্রে চালকের দায়িত্ববোধ নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে যাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছে। স্থানীয়রা জানায় , ভালো রাস্তা হওয়ার কারণে বহু গাড়ি, দায়িত্বজ্ঞানহীন ভাবে দ্রুত গতিতে যাতায়াত করে। আর যে কারণেই এমন বড়সড়ো দুর্ঘটনা।

