প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দিয়ে অবশেষে বাধ্য হয়ে নিজেরায় নিকাশি নালা এবং পুকুর পরিষ্কারে নামলেন গ্রামবাসীরা। ঘটনা ইংলিশ বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতটারী মসজিদ পাড়া এলাকার। গ্রামবাসীরা এই নিয়ে স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বুধবার সকালে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনও করেন।
গ্রামবাসীদের অভিযোগ এলাকায় নিকাশি নালা এবং পুকুরে পাহাড় পরিমাণ আবর্জনার স্তূপ তৈরী হয়েছে। যার ফলে বর্ষাকাল আসলেই জলমগ্ন থাকে এলাকা। বার বার জনপ্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তরে জানিয়েও কোন লাভ না হওয়ায় অবশেষে বাধ্য হয়ে নিজেরাই নিকাশি নালা পরিষ্কারে নামেন গ্রামবাসীরা। তাদের আরও অভিযোগ ভোট আসলেই জনপ্রতিনিধিদের দেখা মেলে কিন্তূ ভোট পেরিয়ে গেলে পাড়ার সমস্যা সমাধানে তাদের দেখা মেলেনা।

