মৌমিতা দেবনাথ
মাছির তান্ডবে গ্রামছাড়া হচ্ছে বাসিন্দারা
গোটা গ্রামে যত্রতত্র ভনভন করে ঘুরে বেড়াচ্ছে মাছি। মাছির উপদ্রবে রান্না করা খাওয়া দাওয়া প্রায় মাথায় উঠেছে বাসিন্দাদের। নিত্যদিন পেটের গন্ডগোল নিয়ে হাসপাতালে ছুটতে হচ্ছে বহু মানুষকে। কিন্তু এত মাছি আচমকা গ্রামে এলো কোথা থেকে? ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা থানার সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের সারা হাট এলাকায়। গ্রামের মানুষদের অভিযোগ যে ওই এলাকাতেই একটি জৈব সারের কারখানা গড়ে উঠছে সেখানে নিত্যদিন বিভিন্ন পচনশীল দ্রব্য মজুদ করার ফলে সেখান থেকেই এই মাছির উপদ্রব বেড়েছে। এ নিয়ে গ্রামের বাসিন্দারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি ওই জৈব কারখানাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক কারণ মাছির উপদ্রবে কার্যত নাজেহাল অবস্থা তাদের এমনকি নিজের বাড়ি ছেড়ে তাদের অন্যত্র গিয়ে রান্না খাওয়া করতে হচ্ছে।

