চাকদহ ছাত্র মিলনী ময়দানে খুঁটি পূজার মাধ্যমে শুভারম্ভ হল বাংলার সবচেয়ে বড় বারোয়ারি কীর্তনের

মৌমিতা দেবনাথ
বারোয়ারি কীর্তন কমিটির পরিচালনায় বাংলার সবচেয়ে বড় রাধাকৃষ্ণের মহোৎসব শুরু হতে চলেছে আগামী ১লা বৈশাখ থেকে চাকদহ কেবিএম এর ছাত্র মিলনী ময়দানে। আজ ২২শে মার্চ বুধবার খুঁটিপুজোর মাধ্যমে এই উৎসবের শুভ সূচনা করা হলো। উপস্থিত ছিলেন কীর্তন কমিটির সম্পাদক সাধন বিশ্বাস সহ কমিটির অন্যান্য সদস্যরা।এবছর এই মহোৎসব ৬৭ তম বর্ষে পদার্পণ করেছে। বহু প্রাচীন এই কীর্তন মহোৎসব প্রতিবছর ১লা বৈশাখ থেকে শুরু হয় এবং ১০ দিন ধরে চলে। এবছরও তার অন্যথা হবে না। ১লা বৈশাখ শনিবার বিকেল তিনটের সময় হবে রাধা কৃষ্ণের আগমনী অনুষ্ঠান। এছাড়াও প্রতিদিন থাকছে ভাগবত পাঠ হরিনাম সংকীর্তন ।
শুধু এটুকুই নয় থাকছে বহিরাগত শিল্পীদের সমন্বয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও। ৭ই বৈশাখ থাকছে মহা প্রসাদ বিতরণী অনুষ্ঠান। ৮ই বৈশাখ থাকছে বর্তমান যুগের অন্যতম শিল্পী অদিতি চক্রবর্তী। ৯ বৈশাখ সংগীত পরিবেশনে থাকছে বিখ্যাত বাংলা ব্যান্ড সুরজিৎ ও বন্ধুরা । ১০ই বৈশাখ থাকছে হিন্দি জি সারেগামাপা খ্যাত শিশু শিল্পী প্রাঞ্জল এবং ১১ ই বৈশাখ সংগীত পরিবেশনে থাকছে জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন লীলা কীর্তন শিল্পী পদ্ম পলাশ। এ বিষয়ে বারোয়ারি কীর্তন কমিটির সম্পাদক সাধন বিশ্বাস বলেন, আমাদের ৬৭ তম বর্ষ এ বছর। আমাদের জন্মের আগে থেকেই এই অনুষ্ঠান হয়। চারদিন চার রাত্রি ৩২ প্রহর ব্যাপী নাম কীর্তন অনুষ্ঠানও হবে। এছাড়াও দিবারাত্র চলবে নরনারায়ণ সেবা।