সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিনব উদ্যোগ নিল কয়েকজন যুবক। শুক্রবার মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পাড়ার যুবকরা কেউ মন্দিরে পুজো দিয়ে আবার কেউ মসজিদে দোয়া করে পরীক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে আগামীতে তাদের উজ্জ্বল ভবিষ্য এবং সাফল্য কামনা করলেন। জানা যায় এদিন দুপুরে মালদার ইংলিশ বাজারের কাজিগ্রাম অঞ্চলের চন্ডিপুর এলাকায় এই মর্মে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে মিষ্টি এবং জলের বোতল তুলে দেওয়া হয়। অভিনব এই উদ্যোগ গ্রহণ করেন কাজী গ্রাম অঞ্চলের চন্ডিপুরের বিশিষ্ট সমাজসেবী সুমন ঘোষ, টুনু মহালদার, ধর্ম দাস সহ কয়েকজন যুবক। এই বিষয়ে বিশিষ্ট সমাজসেবী সুমন ঘোষ জানান, জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নির্ভর করে এই পরীক্ষা। আজ মাধ্যমিকের শেষ পরীক্ষা। তাই সকল পরীক্ষার্থীদের সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের মিষ্টিমুখ করানো হয়। তার পাশাপাশি সুষ্ঠুভাবে মাধ্যমিক শেষ হওয়ায় ইংলিশ বাজার ব্লক প্রশাসন এবং চন্ডিপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানানো হয়।