টোটো চালিয়ে বিনা পারিশ্রমিকে বাচ্চাদের পড়াচ্ছেন টোটোচালক ধ্রুব
পেশায় তিনি একজন টোটো চালক কিন্তু ঘড়ির কাটায় সকাল সাতটা বাজলেই শুরু হয়ে যায় তার টিউশনি ক্লাস। কথায় বলে জ্ঞান ছড়িয়ে দিলে নাকি জ্ঞান আরো বেড়ে যায় আর সেই কথাই যেন অক্ষরে অক্ষরে পালন করছেন মালদার বাসিন্দা ধ্রুব দাস। আর্থিক কারণে ক্লাস টুয়েলভ এর পর তার আর পড়াশোনা করা হয়ে ওঠেনি। ইচ্ছে থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছিল অভাব অনটন। তার মতো অন্য কোন বাচ্চা যাতে এই সমস্যার সম্মুখীন না হন তাই এলাকার প্রায় ৫০টি বাচ্চাকে তিনি বিনা পারিশ্রমিকে পড়াচ্ছেন। সকাল দশটায় বেরিয়ে পড়েন তার টোটো নিয়ে সারাদিন টোটো চালান আর সকাল সাতটা থেকে বাচ্চাদের পড়ান। জানা গেছে এই এলাকায় প্রায় বেশিরভাগ মানুষ দরিদ্র হওয়ায় ছেলেমেয়েদের টিউশনের খরচ যোগাতে পারে না। তাই সেই ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন ধ্রুব। এ কাজ করে তিনি যেমন আনন্দ পান তেমনি এলাকার হতদরিদ্র বাচ্চাদের সাহায্যও করছেন। বর্তমানে শিক্ষিত হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় বলে তিনি মনে করেন,তাই এইসব বাচ্চাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে চান। এটাই তার স্বপ্ন।

