বকেয়া ডিএ’র দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা। এমনকি ৪৮ ঘন্টার কর্ম বিরতির পথেও তাঁরা ইতিমধ্যে হেঁটেছেন। যদিও এর মধ্যে তিন শতাংশ ডিএ ঘোষণা করেছে সরকার। উত্তরবঙ্গ থেকে ফের একবার সরকারি কর্মীদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাতে যে তাঁরা সন্তুষ্ট নয় তা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন সরকারি কর্মচারী ইউনিয়নগুলি।
আর এই অবস্থায় আগামীদিনে আন্দোলন আরও তীব্র হবে বলে জানিয়েছেন তাঁরা।রীতিমত বকেয়া ডিএ’এর দাবিতে রাজ্য সরকারের সঙ্গে সমুখ সমরে রাজ্য সরকারি কর্মীরা। এই অবস্থায় ফের বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধানের। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আজ মঙ্গলবার শিলিগুড়ি গিয়েছেন তিনি। আর সেই সরকারি মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, আজকে টাকা নেই, পয়সা নেই, তাও কারও মাইনে বন্ধ হয়নি। শুধু তাই নয়, সরকারি কর্মীদের নিজের বন্ধু উল্লেখ করেন তিনি আরও বলেন, আমার বন্ধু সরকারি কর্মীরা।
শুধু তাই নয়, পেনশনের প্রসঙ্গ টেনে মমতা জানান, ইতিমধ্যে একাধিক রাজ্য পেনশন দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলার সরকার এখনও পর্যন্ত তা দেয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এমনকি টাকা পয়সা না থাকা সত্ত্বেও কারও টাকা বন্ধ হয়নি বলেও এদিন মন্তব্য করেছেন তিনি। আর এরপরেই মমতা বলেন, বাইরে কোনও কর্মসূচি করা যাবে না। ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, কারোর রাস্তায় বসে পড়ার জন্যে পড়ুয়ারা যদি পরীক্ষা দিতে না পারে তাহলে এর দায় কে নেবে। শুধু তাই নয়, বাংলায় বনধের রাজনীতি উঠে গিয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

