নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
উত্তর সিকিমের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো বাংলার সেনা জওয়ান।
দেশের দায়িত্ব তাদের কাঁধে। তাইতো পরিবানার-পরিজন ছেড়ে থাকেন শত সহস্র কিলোমিটার দূরে। উত্তর সিকিমের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল বাঁকুড়ার সেনা জওয়ানের। কখনো দুর্গম পার্বত্য এলাকা অথবা কখনো সীমান্ত পারে সাহসিকতার পরিচয় দিতে সেনাদের জুড়ি মেলা ভার। এবার সেই সাহসিকতাতেই দিতে হলো প্রাণ।শুক্রবার গাড়িতে চড়ে যাওয়ার সময় পাহাড়ি পথের বাঁকে সেনাবাহিনীর গাড়ি উলটে মৃত্যু হয় ১৬ জওয়ানের। তাঁদেরই একজন বাঁকুড়ার গোপীনাথ মাকুড়। বাড়ি বিষ্ণুপুর থানার বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভালুকা গ্রামে। শখ করে বানিয়েছিলেন নিজের বাড়ি কিন্তু গৃহপ্রবেশের আগেই বিদায় নিতে হলো পৃথিবী ছেড়ে। শেষ আগস্ট মাসে ছুটি কাটিয়ে তিনি ফের ফিরে যান কর্মজীবনে। ভেবেছিলেন এবার বাড়ি এসে গৃহপ্রবেশের অনুষ্ঠান করবেন কিন্তু তা আর হলো না। বাড়ির ছেলে ফিরবে বাড়িতে কিন্তু কফিন বন্দি হয়ে।বীর সন্তানের সেই নিথর দেহ শেষবারের মতো স্পর্শ করার অপেক্ষায় মা, বাবা, স্ত্রী, পুত্ররা। বাড়ির ছেলের এই মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন পরিবার সহ গোটা গ্রাম।

