নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহে গভীর রাতে বৃদ্ধাকে মেরে বাড়ি থেকে বার করে দিল নাতি ও ছেলে, নিরব প্রশাসন।রাত তখন প্রায় বারোটা। শীতের রাতে কনকনে ঠান্ডায় চাকদহ থানার সামনে নিঝুম রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এক বৃদ্ধা। একবার তিনি থানার ভেতরে ঢুকছেন এবং একবার বেরিয়ে যাচ্ছেন।প্রশাসনের কোনোরকম হেলদোল নেই। অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন রাস্তা দিয়ে।
অসহায় বৃদ্ধাকে দেখতে পেয়ে তার সাহায্য করতে এগিয়ে এলেন কয়েকজন ব্যবসায়ী। বৃদ্ধাকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করতেই হাউ হাউ করে কেঁদে উঠলেন ওই বৃদ্ধা। তিনি জানালেন তার নাম রমা মজুমদার এবং তার স্বামী কল্যাণ মজুমদার। তার বাড়ি চাকদহের ঘেটুগাছিতে।বৃদ্ধার স্বামী মিলিটারিতে কর্মরত ছিলেন। বৃদ্ধা রমা মজুমদারের অভিযোগ তার ছেলে এবং নাতি প্রায়শই তাকে মারধর করে। এমনকি বৃদ্ধার কাছ থেকে পেনশনের টাকাও ছিনিয়ে নেয় বৃদ্ধার নাতি সুমন। বৃদ্ধার আরো অভিযোগ,প্রেসারের রোগী হওয়া সত্ত্বেও বৃদ্ধাকে ঠিকমতো ওষুধ টুকু কিনে দেন না ছেলে মনোরঞ্জন।এ বিষয়ে তিনি এর আগেও ছয় থেকে সাতবার থানায় অভিযোগ দায়ের করেছেন।কিন্তু প্রশাসন নিরব থেকেছে। কাল রাতেও তার নাতি মারধর করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে অবশেষে কোন রাস্তা না পেয়ে ওই বৃদ্ধা কোনরকমে চাকদহ থানায় এসে পৌঁছান। নিত্যদিন খবরের শিরোনামে উঠে আসে বাবা-মাকে অত্যাচারের মতো ঘটনা। এমন নির্মম ঘটনা আরো একবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোন সমাজে আমরা বাস করছি যেখানে বৃদ্ধ বয়সে বাবা-মা অত্যাচারিত হয়।

