কালিয়াচক পঞ্চায়েত অফিসের সামনে গুলিবিদ্ধ এক ফল ব্যবসায়ী ফের প্রকাশ্যে চলল গুলি৷ ফল ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী কালিয়াচক ১গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে ৷ বর্তমানে ওই ফলব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ৷স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা নাজিমুল হক ( বয়স ৪৮ ) হাটখোলা মোর থেকে প্রতি দিনের মতো বৃহস্পতিবার রাত দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি৷ সেই সময় কিছু দুষ্কৃতি তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়৷বাম দিকের পায়ে গুলি লাগে ওই ব্যবসায়ীর৷ ঘটনাস্থলে স্থানীয় পথচলতি মানুষ এবং এলাকার মানুষ রাস্তায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়৷ ঘটনাস্থলে পরিবার ও প্রতিবেশীরা এসে তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ী উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে গুলিবিদ্ধ ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন৷
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ৷ ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গিয়েছে, কে বা কারা কি কারণে তাঁকে গুলি চালিয়েছে তা এখনও জানা যায়নি৷ তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
আক্রান্ত নাজমুল হক জানান, ওই এলাকার কালু ও তার ছেলে দলবল নিয়ে তার ওপরে হামলা করে। কালু কালিয়াচক ছায়াবাড়ি এলাকায় জুয়া খেলার আসর সহ অন্যান্য অসামাজিক কার্যকলাপের সঙ্গেও যুক্ত বলে জানান তিনি।তবে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কারণ কালিয়াচক এলাকায় যে হারে একের পর এক বোমা গুলি বেড়ে চলেছে, তা নিয়ে প্রশ্ন চিহ্নের মুখে প্রশাসনের ভূমিকা৷।

