কংগ্রেস ছাড়লেন কাশ্মীরের নেতা গুলাম নবী আজাদ
মলয় দে :-
কংগ্রেস ছাড়লেন কাশ্মীরের নেতা গুলাম নবী আজাদ।
কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান রাজনীতিবিদ গুলাম নবি আজাদ। কংগ্রেসের যাবতীয় পদ ছেড়ে দেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলের প্রাথমিক সদস্যপদও ত্যাগ করলেন।
জম্মু-কাশ্মীরের নির্বাচন কমিটির চেয়ারম্যানের পদ থেকে কয়েক দিন আগেই ইস্তফা দিয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ । শুক্রবার আরও বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই কাশ্মীরি নেতা। সদস্যপদ সহ দলই ছেড়ে দিলেন গুলাম।
সংবাদ সূত্রে খবর, সোনিয়া গান্ধীকে দেওয়া ইস্তফা পত্রে গুলাম নবী লিখেছেন অত্যন্ত ভারী হৃদয়ের সাথে তিনি দলের সঙ্গে ৫০ বছরের সম্পর্ক ছিন্ন করলেন। এছাড়াও দলের প্রবীণদের যথেষ্ট মর্যাদা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন। ক্ষোভ উগরে লিখেছেন, কংগ্রেসের নতুন উদ্যোগ “ভারত জড়ো যাত্রার” আগে নেতৃত্বের প্রয়োজন কংগ্রেস জড়ো যাত্রার। বেশ কয়েক বছর ধরে দল হিসাবে কংগ্রেস যেভাবে বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে এবং দলের সাংগাঠনিক নির্বাচনের অনিয়ম নিয়ে কার্যত রাহুল গান্ধীকে দায়ী করেছেন তিনি। কংগ্রেসের কয়েক বছরের ভরাডুবির জন্যও নবী রাহুলের ৮ বছরের নেতৃত্বকেই দায়ী করেছেন ।

