নিজের স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তির দাবিতে স্কুল গেটের তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপিঠের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় গোপীবল্লভপুরের এই উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল চত্বরে। বিক্ষোভ সামাল দিতে স্কুল চত্বরে মোতায়েন পুলিশ বাহিনী। জানা গেছে এদিন গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপিঠ এবং নয়াবসান বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তির দাবিতে বিক্ষোভ দেখান। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ নিজেদের স্কুল এবং একদম পাশে থাকা বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিকে ভর্তি সুযোগ না দিয়ে বাইরের স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ দিচ্ছে।ফলে সমস্যায় পড়ছেন স্কুলেরই ছাত্রছাত্রীরা।কারণ নিজের স্কুলে ভর্তি হতে পারবে এই আশায় আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত অন্য কোন স্কুলে ভর্তির আবেদন করেনি।তাই এদিন ভর্তির দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভে সামিল হন মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা।

