জলপাইগুড়ি জেলায় ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে।

জলপাইগুড়ি সায়ন সেন :: জলপাইগুড়ি জেলায় ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। এখনও পর্যন্ত জেলা‌য় আক্রান্তের সংখ্যা শতাধিক। পরিস্থিতি সামাল দিতে এবার রাস্তায় নামল জলপাইগুড়ি জেলা প্রশাসন।
আক্রান্ত রুখতে জনসচেতনতার পাশাপাশি সাফাই অভিযানে জোর দিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। শুক্রবার সকালে জেলাশাসকের নির্দেশে জলপাইগুড়ি শহরেও শুরু হয়েছে সাফাই অভিযান। ডেপুটি ম‍্যাজিস্ট্রেট অরিন্দম বিশ্বাসের উপস্থিতিতে এই অভিযান চলছে শহরজুড়ে। জলপাইগুড়ি শহরের যেসব জায়গায় নোংরা আবর্জনা জমে রয়েছে তা পরিস্কার করাচ্ছেন তিনি। এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলার মালবাজার মহাকুমার বাগরাকোটে ৫৪ জন ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হয়েছেন। গোটা জেলা‌য় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে শতাধিক। তাই আগাম সতর্কতার জন্য লাগাতার এই সাফাই অভিযান চলবে বলে ডেপুটি ম‍্যাজিস্ট্রেট জানান। জেলা‌র সর্বত্রই মানুষ‌কে আরও বেশি করে সচেতন হওয়া‌র আবেদন করেন তিনি।