জলপাইগুড়ি সায়ন সেন :: কুখ্যাত সমাজবিরোধী রোহিত রায়কে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাকে।
জলপাইগুড়ি শহরের আদরপাড়া ক্যানেলপাড় এলাকার বাসিন্দা রোহিত রায় দীর্ঘদিন ধরেই অশান্তির বাতাবরণ তৈরি করে রেখেছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানান, খুনের চেষ্টা, নেশার দ্রব্য বিক্রি, তোলা আদায় সহ বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে সে। এর আগেও অভিযোগ পেয়ে পুলিশ জেলে পাঠিয়েছিল তাকে। ছাড়া পেয়ে আবারও এলাকায় ত্রাসের সৃষ্টি করছে। টাকা চেয়ে না পেলে অকারণে মানুষকে মারধর করে। একদিন আগে একজন ফেরিওয়ালাকে প্রচণ্ড মারধর করে গুরুতর আহত করেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এলাকায় অসামাজিক কাজকর্মের মূল কান্ডারী রোহিত রায়ের কঠোর শাস্তির দাবি জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হন আদরপাড়া এলাকার বাসিন্দারা। এদিন অভিযুক্তকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।

